"সংস্কৃত ভাষার উৎস সন্ধান"

 সংস্কৃত ভারতবর্ষের সর্বাপেক্ষা প্রাচীন ও সমৃদ্ধ ভাষা। প্রায় পাঁচ হাজার বছর যাবৎ এ ভাষার চর্চা অব্যাহত রয়েছে। ঋগ্বেদে এ ভাষার প্রাচীন রূপটি পরিদৃষ্ট হয়। খ্রিস্টপূর্ব ২৫০০ অব্দ ঋগ্বেদের রচনাকাল বলে ধরা হয়। ঋগ্বেদ থেকে উপনিষদের কাল পর্যন্ত এ ভাষা বৈদিক ভাষা নামে পরিচিত। প্রাচীনকালে সাধারণ্যে যে ভাষা প্রচলিত ছিল তাকে কেবল ‘ভাষা’ বলা হতো। পরে সংস্কারের মাধ্যমে গৃহীত হওয়ায় এর নাম হয় ‘সংস্কৃত’ (সম্-কৃ+ক্ত)।


চিত্র: সংস্কৃত পাণ্ডুলিপি

কাল ও বিষয়গত দিক থেকে সংস্কৃত ভাষার দুটি স্তর: বৈদিক ও লৌকিক। এই লৌকিক ভাষাই ধ্রুপদী সংস্কৃত ভাষা নামে পরিচিত। এদুটি ভাষার প্রধান পার্থক্য স্বরবৈচিত্র্যে। বৈদিক স্বরধ্বনিতে উদাত্ত, অনুদাত্ত ও স্বরিতভেদে উচ্চারণের তিনটি পর্যায় রয়েছে, কিন্তু সংস্কৃতে এ নিয়ম মানা হয় না। পাণিনিকৃত অষ্টাধ্যায়ী সংস্কৃত ভাষার প্রধান ব্যাকরণগ্রন্থ। পরবর্তীকালে বার্ত্তিককার বররুচি (বা কাত্যায়ন) এবং ভাষ্যকার পতঞ্জলির মাধ্যমে অষ্টাধ্যায়ী পূর্ণতা লাভ করে। তাই এর এক নাম হয় ত্রিমুনিব্যাকরণ। অষ্টাধ্যায়ীতে যেসব অনুশাসন লিপিবদ্ধ হয়েছে, সংস্কৃত ভাষা ও সাহিত্যের অনুশীলনে সেসবই অনুসরণ করা হয়।

সংস্কৃত ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত ইন্দো-ইরানীয় উপশাখার একটি ভাষা। ভাষাতাত্ত্বিক ও ভৌগোলিক দিক থেকে ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহকে দুটি শাখায় ভাগ করা হয়েছে: সতম্ ও কেন্তুম্। সংস্কৃত সতম্ শাখার অন্তর্গত। গ্রিক ও ল্যাটিন ভাষার সঙ্গে এর বিস্ময়কর সাদৃশ্য রয়েছে। এ কারণে এ ভাষাগুলির উৎস এক বলে মনে করা হয়, যা মূল আর্যভাষা বা মূল ইন্দো-ইউরোপীয় ভাষা নামে পরিচিত।

সংস্কৃত ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই। যে অঞ্চলে এর চর্চা হয়েছে সেই অঞ্চলে প্রচলিত বর্ণমালাই এতে গৃহীত হয়েছে। তবে নাগরী বা দেবনাগরী বর্ণমালা সংস্কৃতের জন্য ব্যাপকভাবে গৃহীত, বোধ্য ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

সংস্কৃত প্রাচীন ভারতীয় আর্যভাষা নামেও পরিচিত।

আর্যভাষা তিনটি স্তরে বিভাজিত:

প্রাচীন ভারতীয় আর্যভাষা- বৈদিক ও সংস্কৃত;

মধ্যভারতীয় আর্যভাষা- পালি, প্রাকৃত ও অপভ্রংশ এবং

নব্যভারতীয় আর্যভাষা- বাংলা, উড়িয়া, হিন্দি, মারাঠি ইত্যাদি।

প্রথম দিকে সংস্কৃত ভাষা চর্চার ভৌগোলিক সীমা ছিল ভারতের উত্তরাংশ; কালক্রমে তা পশ্চিম ও পূর্বভারতে বিস্তার লাভ করে। ধীরে ধীরে সংস্কৃতের চর্চা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দ্রাবিড়, অস্ট্রিক ও সিনো-টিবেটান জাতির মধ্যেও। ভারতবর্ষের প্রতিবেশী দেশ চীন, তিববত, সুমাত্রা, বোর্নিও এবং পশ্চিমের প্রতিবেশী দেশগুলিতেও এর প্রভাব বিস্তারিত হয়। প্রাচীন ভারতের ধর্ম-দর্শন ও সাহিত্য-সংস্কৃতির সঙ্গে সংস্কৃত ভাষা অঙ্গাঙ্গিভাবে জড়িত। নব্যভারতীয় আর্যভাষাসমূহের গঠনপ্রকৃতি বিশ্লেষণ ও উৎসসন্ধানে সংস্কৃত একান্ত প্রয়োজনীয়।


👫 শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।
আপনার মূল্যবান মতামতের অপেক্ষায়।
নিজে জানুন অন্যকে জানান।
পরিশেষে সবাইকে ধন্যবাদ।🙏

আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুনঃ সংস্কৃত ভাষা

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"সংস্কৃত ভাষা শেখার জন্য সহায়ক কয়েকটি বই"

"সংস্কৃতে কথা বলার হাতে-খড়ি" পর্ব-১

”যে বইটি দিয়ে সংস্কৃত শেখা শুরু করবেন (pdf সহ)“